বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
কুমিল্লার মেঘনা উপজেলায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্বিক প্রস্তুতি ও শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে মানিকারচর সরকারি কলেজের কক্ষে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মুহাম্মদ ইমরান হোছাইনের সভাপতিত্বে শিক্ষার্থীদের ফলাফল উন্নয়নে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে গঠনমূলক ও ফলপ্রসূ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা জানান, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত ও নিয়মিত তদারকির জন্য কলেজে বায়োমেট্রিক পদ্ধতি চালু করা হয়েছে। এর মাধ্যমে কেউ যেন ক্লাস ফাঁকি দিয়ে হাট-বাজারে ঘুরাঘুরি করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে। একই সঙ্গে কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিরুৎসাহিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়, বাসায় ফিরে শিক্ষার্থীরা যেন নিয়মিত পড়াশোনায় মনোযোগী হয়, সে জন্য উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুত রাখতে ইতিবাচক আচরণ ও উৎসাহ প্রদানের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়। দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়ক ক্লাস ও মডেল টেস্টের ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে বক্তারা বলেন, এতে তারা পরীক্ষার আগে নিজেদের ঘাটতি কাটিয়ে উঠতে সক্ষম হবে।
মোহাম্মদ মাছুম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন-সহকারী অধ্যাপক নুরুল ইসলাম, ছায়েদুর রহমান রিপন, মিনহাজুল ইসলাম এবং সহকারী অধ্যাপক ও সম্পাদক মো. মামুনুর রশিদসহ অন্যান্য শিক্ষক ও অভিভাবক সদস্যরা।
সভা শেষে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, শিক্ষক-অভিভাবকদের সম্মিলিত উদ্যোগে এ বছর মেঘনা উপজেলার শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করবে।